জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ হবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদকিদের এ তথ্য জানান।
এর আগে রাজধানীর আগারগাঁরওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়। এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত বৈঠক চলে।
এদিকে ইভিএম এর বিধান যুক্ত করে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করার বিষয়ে আপত্তি জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বৈঠক বয়কট করেন কমিশনার মাহবুব তালুকদার।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ-৭২ এর কিছু সংশোধনের জন্য সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার করে ভালো ফল পেয়ে জাতীয় নির্বাচনে এই বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এখন এই সিদ্ধান্তের বিষয়টি আইন মন্ত্রণালয় ও সংসদে পাঠানোসহ অন্যান্য প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনটি সংশোধন হবে।’
এসময় তিনি কমিশনার মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিয়েছে। একজন কমিশনার আপত্তি জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন। তবে অন্য চারজন কমিশনার এর সঙ্গে একমত পোষণ করেছেন।’
একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ তৈরির জন্য এই সংশোধনী আনা হয়েছে। তবে একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা এ বিষয়ে কমিশন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। ইভিএম নিয়ে আইনে সংশোধনী আনা হবে।এটা নিয়ে আমরা একটা মেলা করবো। সবার মতামত নেবো। সেখানে পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে তখন সিদ্ধান্ত হবে। আইনি প্রক্রিয়ার মধ্যমে আমরা প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে রাখছি।’
এসময় আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন আগে পাশ হোক। সবার মতামত নেই। তখন যদি সম্ভব হয় একাদশে (একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম)ব্যবহারের বিষয়ে দেখা যাবে।’
ইভিএম কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএম কেনার বিষয়ে এখনও কোনও প্রকল্প গ্রহণ করা হয়নি। আমাদের নিজস্ব কিছু ইভিএম রয়েছে। আমরা সেগুলো দিয়ে স্থানীয় সরকার নির্বাচন চালাচ্ছি।’