উত্তরায় আবাসিক হোটেল থেকে ক্যাসিনো মেশিন উদ্ধার

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে হংকং ও ম্যাকাও এর ক্যাসিনোর বিখ্যাত দুইটি গ্যাম্বলিং মেশিন ‘মাহাজং’ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উত্তরার ১৩নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ে অভিযান চালিয়ে ক্যাসিনোর বিখ্যাত ইলেকট্রিক গ্যাম্বলিং মেশিন উদ্ধার করা হয়।

হোটেলটি চাইনিজ নাগরিক কেন্টের মালিকানাধীন ছিল বলে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, এই দুই মাহাজং মেশিন আমদানিতে আন্ডার ইনভয়েসিং করে দুই লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়েছে।
এই শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, মিথ্যা ঘোষণার মাধ্যমে ক্যাসিনো মেশিন দুটি খালাসে আনুমানিক দুই লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক কাউছার আলম পাটওয়ারী এবং কেফায়েতউল্লাহ মজুমদারের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি দল।