বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রে বিএনপি যুক্ত ছিল: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মহাসচিব ঠিকই বলেছেন, বিডিআর বিদ্রোহ ছিল দেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তারেক রহমান ও দলটি নেতারা যুক্ত ছিল বললে তার কথাটি সম্পূর্ণ হতো।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রাঙ্গুনিয়া সমিতি, ঢাকার মেজবান-মিলন মেলা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই- বিডিআর বিদ্রোহের দিন ভোর রাতে কেন খালেদা জিয়া তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন? তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, অথচ আমরা জানি না। ঘটনার আগের রাতে ও দিনে খালেদা জিয়া কতবার তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তার সব রেকর্ড আমাদের কাছে আছে।’

জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই বিএনপি দেশ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল। এ ঘটনায় নিহতদের অধিকাংশই আওয়ামী পরিবারের সদস্য।’

এ ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা না হওয়ার কারণ জানতে চাইলে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তাদের কার্যকলাপ ও ঘটনা পরম্পরায় তাদের ভূমিকা স্পষ্ট হলেও প্রত্যক্ষ প্রমাণের অভাবে মামলা হয়নি। ঠিক যেমন বঙ্গবন্ধু হত্যার পটভূমি রচনাকারী অনেক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও প্রত্যক্ষ প্রমাণের অভাবে এখনও মামলা করা যায়নি।’

‘বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে থেকে রাজনীতি করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে রাজনীতি কর‍তে পারবেন না বলে বিএনপি তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছে। এজন্য বিএনপি তাদের গঠনতন্ত্রের সাত নম্বর ধারা বাতিল করেছে।’

এর আগে, প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ উপজেলা সমিতির জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। শিগগিরই ঢাকায় রাঙ্গুনিয়া সমিতির একটি স্থায়ী অফিস প্রতিষ্ঠায় সহায়তা করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।