দেশজুড়ে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ নীলফামারীর ডোমার উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘ছাত্র জনতা নবজাগরণ ডোমার’ এবং ‘হৃদয়ে ডোমার’ নামের দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ডোমার বাজার রেলগেট এলাকায় মানববন্ধন শুরু হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ছাত্র প্রতিনিধি অর্ণব আল আলিফের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, মুফতি মহিউদ্দিন জুলফিকার, ইসলামি বক্তা আবু সাঈদ, কামরুল ইসলাম আরেফী এবং ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন।
বক্তারা বলেন, সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম ভয়াবহ আকার ধারণ করেছে। তারা সম্প্রতি ঢাকায় একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। বক্তারা এমন নৃশংস ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এসব সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ন্যায়ের পক্ষে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।