কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত ইসির আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুনানিতে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে মঞ্জুরুল আহসান মুন্সীর করা আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। ফলে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ বলে বহাল থাকে।
অন্যদিকে, ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেয়।
এর আগে গত ৯ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। পাশাপাশি হাসনাত আবদুল্লাহও ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।







