যশোরে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান

আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন সকাল ৮টায় যশোরে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

এই জনসভা সফল করতে সোমবার বিকেল ৩টায় যশোর জেলা জামায়াতের কার্যালয়ে জরুরি জেলা কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি নির্বাচনি জনসভা সফল করার লক্ষ্যে সকল দায়িত্বশীল নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী এনামুল হক, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, নূর আল মামুন, অধ্যাপক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে জেলা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জেলার সকল উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ২৭ জানুয়ারি সকাল ৮টার নির্বাচনি জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। পাশাপাশি যশোরের ছয়টি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও স্থানীয় নেতারাও সভায় বক্তব্য প্রদান করবেন।