স্টাফ রিপোর্টার: সকাল থেকে ভোটারদের ফুলের শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত হয়ে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করছেন যশোর – ৩ ( সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার সকাল থেকে তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়া থেকে প্রচারণা শুরু করেন। সাহাপাড়ায় প্রবেশ করতে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, শিশু বৃদ্ধ সকলেই ফুল ছিটিয়ে এবং উলুধ্বনি দিয়ে তাকে বরন করেন। সাহাপাড়ার বাসিন্দারা অনিন্দ্য ইসলাম অমিতের কাছে পিতা তরিকুল ইসলামের তৈরি করা একমাত্র রাস্তাটি সংস্কারের দাবি জানান।
তারা বলেন রাস্তাটি তৈরির পর থেকে আজ পর্যন্ত সংস্কার কাজ না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সময় তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তাদের সুরক্ষায় অনিন্দ্য ইসলাম অমিত এবং তার দলের ভূমিকার প্রশংসা করেন। নির্বাচিত হলে সাহাপাড়ার বাসিন্দাদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত সাহাপাড়ার বাসিন্দাদের উদ্দেশ্য বলেন, আমি এবং আমার দল সব সময় আপনাদের পাশে আছে। আমার প্রয়াত পিতার সাথে আপনাদের নিবিড় সম্পর্ক ছিলো। রাজনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যে বন্ধুর মতো আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
অনিন্দ্য ইসলাম অমিত দিন ব্যাপী নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রচারণা অব্যাহত রেখেছেন।







