যশোরে ফেসবুকে এক নারীর ব্যক্তিগত ছবি প্রকাশ করে চাঁদা দাবির অভিযোগে প্রাক্তন স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর বাড়ি যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামে। অভিযুক্তরা হলেন—সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ইধন মিয়ার ছেলে সুমন মিয়া (২৯), যিনি বাদীর প্রাক্তন স্বামী, এবং তার ভাই সাইফুল ইসলাম (২৫)।
অভিযোগে বলা হয়, ২০২২ সালে সুমন মিয়ার সঙ্গে বাদীর বিয়ে হয় এবং তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুক দাবিসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে। পরবর্তীতে বাদীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় ২০২৫ সালের ১৯ মার্চ তাকে তালাক দেন বাদী। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দাম্পত্য জীবনে থাকাকালে বাদী তার মায়ের নামে একটি ফেসবুক আইডি খুলেছিলেন, যার পাসওয়ার্ড সুমন মিয়া জানতেন। তালাকের পর সেই আইডির প্রোফাইলে বাদীর ব্যক্তিগত ছবি আপলোড করা হয়। বিষয়টি পরিবারের নজরে এলে বাদী মানসিকভাবে ভেঙে পড়েন।
পরবর্তীতে পরিচিতজনের মাধ্যমে সুমন মিয়াকে ছবিগুলো সরিয়ে ফেলতে অনুরোধ করা হলে তিনি দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। টাকা না দিলে আরও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। নিরুপায় হয়ে গত ১০ জানুয়ারি বাদী সুমনের বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। কিন্তু ছবি সরানোর বদলে তিনি আরও এক লাখ টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী প্রথমে যশোর আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলেন। আদালতের নির্দেশের পর গত বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয়।







