ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় বছর ধরে জনসমক্ষে না থাকলেও, আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল ও স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের একদল নেত্রী। এই ঝটিকা কর্মসূচির নেতৃত্বে ছিলেন যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির (আওয়ামী লীগ সভাপতির সাবেক রাজনৈতিক কার্যালয়) সামনে ১০-১২ জন নেতাকর্মীকে নিয়ে উপস্থিত হন সোনালী। তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি। দীর্ঘ সময় পরিত্যক্ত ও পোড়া অবস্থায় থাকা কার্যালয়টির ফটকের সামনে দাঁড়িয়ে তারা বিভিন্ন দলীয় স্লোগান দেন।
২০০২ সাল থেকে ব্যবহৃত এই কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ভবনটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে এবং কোনো নেতাকর্মী সেখানে গেলে স্থানীয়দের মাধ্যমে পুলিশে সোপর্দ করার ঘটনাও ঘটছে।







