যশোরে রমজান মাসকে কেন্দ্র করে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে যশোরের বড় বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। সোমবার সকালে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে বড় বাজারে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘আরজি ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত রঙিন চিপস বিক্রি ও মজুত রাখার অভিযোগে ‘চিপস ভাণ্ডার’ নামক অপর একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জব্দকৃত ভেজাল ও ক্ষতিকর পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর প্রতিনিধি এবং র‍্যাব-৬-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।