সাংবাদিক সুমন হোসাইনকে স্বপরিবারে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

স্টাফ রিপোর্টার: দৈনিক সকালের সময়ের শার্শা প্রতিনিধি সাংবাদিক সুমন হোসাইনকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, প্রাণনাশের আশঙ্কায় সুমন হোসাইন বর্তমানে বেনাপোল ছেড়ে স্বপরিবারে যশোর শহরে বসবাস করছেন। তবুও তাকে হত্যার হুমকি দেওয়া এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। গত ৫ মার্চ তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় দায়ের করা জিডিতে এসব বিষয় উল্লেখ করেন। জিডি নম্বর- ৪৬৭।

জিডিতে বেনাপোল পৌর এলাকার দিঘীরপাড়ের বাসিন্দা আব্দুল হকের ছেলে কামাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ৩ মার্চ কামাল হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক সুমন হোসাইনকে ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেন। এছাড়া অন্য একটি নম্বর থেকে ফোন করে সুমনের যশোরে অবস্থান এবং তার সন্তানরা কোথায় পড়াশোনা করে সে সম্পর্কেও খোঁজখবর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

সুমন হোসাইনের আশঙ্কা, হুমকিদাতারা যে কোনো সময় তাকে হত্যা বা তার সন্তানদের অপহরণের চেষ্টা করতে পারে।

সাংবাদিক সুমন হোসাইন জানান, বেনাপোলের একটি কিলার গ্রুপ যশোর শহরে এসে তাকে ও তার পরিবারকে খুন বা গুম করতে পারে বলে তিনি বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন। তিনি দাবি করেন, অভিযুক্তদের বিভিন্ন অপকর্ম নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করার পর থেকেই তারা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে যশোরের পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক সুমন হোসাইন।