স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা ও বেনাপোল সীমান্তে সাঁড়াশি অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৩৫) নামে এক আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত বিল্লাল চৌগাছা উপজেলার মিন্টু মিয়ার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শনিবার (১৪ মার্চ-২০২৬) বিশেষ টহলদল চৌগাছার হিজলী ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ১. ৫০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২ বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ এমএল), ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।এছাড়া একটি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, ৩টি কম্বল, ১ কেজি আমসত্ত্ব, ৯৬০টি বিভিন্ন ধরনের ওষুধ, ৫ হাজার ১২৫টি চকলেট এবং ২ হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের মোট মূল্য প্রায় ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।







