‘মহাকাশ প্রতিরক্ষায়’ বাহিনী করছে যুক্তরাষ্ট্র

মহাকাশ চর্চায় বিশ্বের গুটিকয়েক দেশের মধ্যে প্রধান যুক্তরাষ্ট্র। মহাকাশে নিজেদের সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আরও একধাপ এগিয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে অবশ্য মহাকাশে যুক্তরাষ্ট্রের দুই প্রতিদ্বন্দ্বি দেশ রাশিয়া ও চীন মহাকাশে বাহিনী গঠনের কথা জানিয়েছিল।

গত শুক্রবার সামরিক বাহিনীর জন্য অর্থ বরাদ্দের এক চুক্তি সইকালে ট্রাম্প মহাকাশ প্রতিরক্ষায় একটি বাহিনী গঠনের জন্য অর্থের বরাদ্দ দেন। ভবিষ্যতে মহাকাশ ‘নতুন যুদ্ধক্ষেত্র’ হবে বলেই ট্রাম্পের ভাষ্য।

বিবিসি জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনে সামরিক বাহিনীর জন্য ৭৩৮ বিলিয়ন ডলারের বার্ষিক অর্থ বরাদ্ধের চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প। সেখানে তিনি মহাকাশে প্রতিরক্ষা বাহিনীর জন্য ৪০ মিলিয়ন ডলার অর্থ বরাদ্ধ করেন।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায় মহাকাশে শ্রেষ্ঠত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও সেখানে আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পেরেছি। কিন্তু তা অপর্যাপ্ত। তবে শীগগিরই আমরা মহাকাশে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবো।’

বিবিসির বিশ্লেষণে বলা হয়, কেবল মহাকাশে যুদ্ধের উদ্দেশ্যে ট্রাম্প প্রতিরক্ষা বাহিনী তৈরি করছেন না; বরং সেখানে যোগাযোগের জন্য দেশটির শত-শত স্যাটেলাইটগুলো সুরক্ষার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সমালোচনায় থাকা ট্রাম্প।

গত আগস্টে নিরাপত্তা বাহিনীর জন্য গঠিত ‘স্পেসকম’ সংস্থার আওতায় মহাকাশে সামরিক বাহিনী কার্যক্রম পরিচালিত হবে। বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে বিমান বাহিনীর ১৬ হাজার সদস্যর এই প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমে যুক্ত থাকবে। আর মার্কিন বিমান বাহিনীর জেনারেল ও স্পেসকমের প্রধান জে র‌্যামন্ড মহাকাশ বাহিনীর নেতৃত্বে থাকবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অভিযোগ করেন, মহাকাশে নিজেদের অবস্থান আরো দৃঢ় করার উদ্দেশ্যে চীন ও রাশিয়া নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করছে। যা তাদের জন্য হুমকিস্বরুপ। তারপরই যুক্তরাষ্ট্র মহাকাশে নিজেদের স্যাটেলাইট সুরক্ষায় আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করে।

অন্যদিকে চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মহাকাশে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে নিজ দেশের জন্য হুমকিস্বরুপ বলে দাবি করেন। পুতিন বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ মহাকাশকে সামরিক নাট্যশালা এবং সেখানে নাটকের মঞ্চায়নের পরিকল্পনা করছে।’