প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের ঐতিহাসিক ‘জিয়ার খাল’ পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে তিনি খালটি পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলে উলাশীর এই খাল খনন কার্যক্রমকে গুরুত্ব সহকারে এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি সংশ্লিষ্টদের খালপাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।
তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্বোধনকৃত খাল সংশ্লিষ্ট স্থাপনা ও ভিটি স্তম্ভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঈদের আগেই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে।
এ সময় খাল খননের অগ্রগতি, কাজের মান এবং স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যাতে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উন্নয়নে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত ও সুস্থভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।