যশোর সদর উপজেলার ঘোপ এলাকায় দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত একটি চোর সিন্ডিকেটের দুই সদস্যের মধ্যে একজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (রাত আনুমানিক ৩টা) চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে বাবুল হোসেন ২৫ (পিতা: আনসার আলী)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ঘোপ এলাকায় একটি বাড়িতে চুরির চেষ্টা চালানোর সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিলে বাবুলকে আটক করা সম্ভব হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদ্যুতের তার, সকেট, সুইচ বোর্ডসহ বিভিন্ন ইলেকট্রিক মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে দুটি বার্মিজ চাকু, সেলাই রেঞ্চ এবং মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
তবে তার সহযোগী রমজান ২৮ (পিতা: আবুল খায়ের) অস্ত্রের ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক বাবুল ও পলাতক রমজান উভয়েই যশোরের বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে এলাকাবাসী আটককৃত বাবুলকে পুলিশের কাছে সোপর্দ করলেও পুলিশ সেই চোর সিন্ডিকেটের সদস্যকে কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঘোপ এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন দীর্ঘদিন এই চোরের উৎপাতে সাধারন মানুষ ঘুমাতে পারিনি।
আজ সেই চোরকে যখন আটক করা হলো এরপরও উপযুক্ত শাস্তি না দিয়ে তাকে কেন ছেড়ে দেওয়া হল? এ বিষয়ে এলাকাবাসী ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন।







