এক নারীর প্রশংসা শুনে চোখে জল রাখতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা’-য় উপকৃতদের সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন। এসময় এক নারী মোদির প্রশংসা করলে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন।
ভারতে প্রতি মাসে এক কোটির উপর পরিবার জনৌষধি কেন্দ্রগুলি থেকে লাভবান হচ্ছেন। এই কেন্দ্রগুলিতে থেকে বাজার দরের থেকে ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায়। খবর আনন্দবাজার পত্রিকার
এই প্রকল্প থেকে কেমন সুফল পেয়েছেন তা প্রধানমন্ত্রীকে এদিন জানিয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছিলেন মোদি। সেখানেই উত্তরাখণ্ডের দেহরাদূন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন দীপা সাহা নামের এক নারী।
দীপা জানান, ২০১১ সালে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন। চিকিৎসা ঠিকমতো করাতে পারছিলেন না। কারণ ওষুদের দাম খুব বেশি ছিল। আগে তার পাঁচ হাজার টাকার ওষুধ লাগত মাসে, জনৌষধি প্রকল্প আসার পর সেই ওষুধই এখন দেড় হাজারে কিনতে পারেন।
দীপা বলেন, ‘আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের রূপে আপনাকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।’
দীপার এই কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। সেই ছবি ধরা পড়ে ক্যামেয়ায়। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি অনেকেই শেয়ার করেছেন।







