প্রাণঘাতী করোনা মোকাবেলায় জীবন বাজি রেখে লড়াই করা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুন করেছে ভারতের হরিয়ানা রাজ্য সরকার।
শুক্রবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টর এ ঘোষণা দিয়েছেন বলে জিনিউজ জানিয়েছে।
একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, যতদিন এই পরিস্থিতি থাকবে, যতদিন করোনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে, দ্বিগুণ বেতন পাবেন করোনা চিকিৎসায়রত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
মুখ্যমন্ত্রী আরও বলেন, চিকিত্সকদের পরই যাদের কথা এই লড়াইয়ে মাথায় আসে, তারা হলেন পুলিশকর্মী। হরিয়ানা সরকার তাদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
- আরো পড়ুন
মনোহরলাল খাট্টর জানিয়েছেন, কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মীর মৃত্যু হলে, ৩০ লাখ টাকার বীমা দেয়া হবে তার পরিবারকে।
এর আগে পাঞ্জাব সরকারও পুলিশ ও সাফাইকর্মীদের জন্য ৫০ লাখ টাকার বীমা ঘোষণা করেছে।
প্রসঙ্গত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছুঁই ছুঁই। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত আরও নতুন করে ৫৯১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫।
- আরো পড়ুন
গত ২৪ ঘণ্টায় ২০ জন প্রাণও হারিয়েছেন। তাতে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা এসে ঠেকেছে ১৬৯-এ।
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও রাজ্য সরকারের হিসাবে সংখ্যাটা ৮৩।






