গণনাকারীদের সামান্য ভুলে ফল পাল্টে যেতে পারে : সিইসি

cec km nurul huda
ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ভোটের ফল গণনাকারীদের নির্দেশ দিয়ে বলেছেন, ‘ফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ।’

আজ বুধবার সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার-সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে এসব কথা বলেন সিইসি কে এম নুরুল হুদা।

সিইসি বলেন, ‘সারা দেশের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফল উল্টে যেতে পারে। রান্নার সময় যেমন খাবারে লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি সামান্য সংখ্যার ভুলে ফল ওলটপালট হয়ে যায়। আপনাদের দক্ষতা, মেধা ও আগ্রহ দিয়ে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।’

কে এম নুরুল হুদা বলেন, ‘সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে। সঠিক ফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে, সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।’

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশে সিইসি আরো বলেন, ‘আপনার সামান্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।’

সিইসি আরো বলেন, ‘প্রত্যেক জায়গায় নির্বাচনের আমেজ, স্বতঃস্ফূর্ত পরিবেশ, মানুষের মধ্যে নির্বাচনের আগ্রহ, চিন্তা, পরিকল্পনা এগুলো দেখে আমরা অভিভূত হই। সুতরাং মানুষের সেই আগ্রহ ও আস্থার জায়গা যেন আমাদের কারো ভুলের কারণে ব্যাহত না হয়, সেটা লক্ষ রাখতে হবে।’

এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইর মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।