রাজ্যে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য কথিত বাংলাদেশী অনুপ্রবেশকারী ইস্যুতে সুর পাল্টেছে শিব সেনা। এমন অভিযোগ করেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস।
শুক্রবার তিনি বলেছেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারকে কেউই থামাতে পারবে না। কারণ, এ বিষয়টি একই সঙ্গে মানবাধিকার ও জাতীয় স্বার্থের রক্ষা সংশ্লিষ্ট। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবরে বলা হয়, সিএএ এবং নাগরিকপঞ্জির (এনআরসি) সমর্থনে ‘সংবিধান সম্মান মঞ্চে’র ব্যানারের অধীনে আগস্ট ক্রান্তি ময়দানে এক র্যালিতে অংশ নেন ফদনবিস। রাজ্যে বিরোধী দলীয় নেতা তিনি এখন। এ সময় তিনি বলেন, অতীতে অবৈধ বাংলাদেশীদের বিরুদ্ধে, বিশেষ করে যারা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত তাদের বিরুদ্ধে প্রচারণায় নেতৃত্ব দিচ্ছিল শিবসেনা।
অনুপ্রবেশকারী বাংলাদেশীদেরকে ভারত থেকে বের করে দেয়ার কথা বলতো। কিন্তু বর্তমানে দৃশ্যত শিবসেনা তাদের সুর পাল্টে ফেলেছে। বাংলাদেশী অনুপ্রবেশকারী ইস্যুতে ভাষা পাল্টে ফেলেছে। মনে হচ্ছে শিব সেনারা মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য নিজেদের মুখে কুলুপ এঁটেছে।
কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ হেনে তিনি বলেন, নতুন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে কিছু রাজনৈতিক দল ও গ্রুপ মিথ্যা প্রচারণা শুরু করেছে। কারো নাগরিকত্ব কেড়ে নেবে না সিএএ দিয়ে। এই আইন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ ও খ্রিস্টান- যারা ভারতে গিয়েছেন, শুধু তাদেরকে নাগরিকত্ব দেবে।
তিনি আরো বলেন, নাগরিকত্ব সংশোধন আইনের গুরুত্ব ব্যাখ্যা করে র্যালি করবে বিজেপি। যারা এই আইনের বিরোধিতা করছেন, তারা তা করছেন নিজেদের রাজনৈতিক স্বার্থে। বাস্তবায়ন করা হচ্ছে যেসব আইন তার একটিও সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। প্রতিটি নাগরিকের মর্যাদা ও পরিচয় সংরক্ষণ করা হবে।
এ সময় তিনি দাবি করেন আসামে নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়ন দৃঢ়তার সঙ্গে সমর্থন করতেন সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা প্রয়াত রাজিব গান্ধী। এতে দৃশ্যত কংগ্রেস নেতারা তাদের নিজেদের নেতাদের অমান্য করছেন। তারা নেহরুর আদর্শকে কবর দিচ্ছেন। অন্যদিকে দেশে নেহরুর প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগস্ট ক্রান্তি ময়দান থেকে গিরগাঁও সমুদ্র সৈকতে অবস্থিত লোকমান্য তিলক মূর্তি পর্যন্ত একটি র্যালি করার আবেদন করেছিল মহারাষ্ট্র বিজেপি। কিন্তু রাজ্য সরকার তা প্রত্যাখ্যান করেছে। এ জন্য রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন ফদনবিস।
তিনি প্রশ্ন রাখেন, এই সরকারের মাথা কি যথাস্থানে আছে? সিএএর বিরুদ্ধে যারা রাস্তায় অবস্থান নিয়েছেন, অগ্নিসংযোগ করছেন, আইনশৃংখলা নষ্ট করছেন তাদেরকে মদত দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে আমাদেরকে আগস্ট ক্রান্তি ময়দান থেকে হেঁটে র্যালি করতে দেয়া হয় নি। আমরা তো শান্তিপূর্ণ পদযাত্রা করতে চেয়েছিলাম। চেয়েছিলাম চৌপাট্টিতে লোকমান্য তিলক মূর্তিতে শ্রদ্ধা প্রদর্শন করতে।
তিনি আরো অভিযোগ করেন, মহারাষ্ট্রে ক্ষমতার জন্য শিবসেনা তাদের মূল এজেন্ডা ‘হিন্দুত্ববাদ’-এর সঙ্গে আপোষ করছে।






