যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন-অর-রশীদের পদ স্থগিত করেছে সদর উপজেলা বিএনপি। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। স্থানীয় একটি সূত্র দাবি করে, বিএনপি নেতা হারুন-অর-রশীদ তার প্রবাসী ভাইয়ের ছেলের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে বিএনপি নেতার স্ত্রী এলাকাবাসীর কাছে অভিযোগ করেন।
বিষয়টি নিয়ে স্থানীয়রা মানববন্ধনের ডাক দেন। পরে সদর উপজেলা বিএনপি বিষয়টি গুরুত্বের সাথে নেয়। এমনকি সদর উপজেলা বিএনপি থেকে তদন্তও শুরু হয়। অন্যদিকে, বিএনপি নেতা হারুন-অর-রশীদ দাবি করেন যে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
মূলত স্থানীয় একটি চক্র তার পুত্রবধূকে কটূক্তি করত। তার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানহানি করা হচ্ছে। ওই চক্রটিই তার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি করার পরিকল্পনা করছিল। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি ।







