কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের ‘দৃঢ় ও পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিট ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে জানানো হয়েছে, শত্রুদের জন্য এই প্রণালি খুলে দেওয়া হবে না।
বুধবার (১ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে তিনি শর্ত দেন, হরমুজ প্রণালি ‘খোলা, নিরাপদ ও স্বাভাবিক’ না হলে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি বিবেচনা করবে না।
তবে তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কোনো প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং আইআরজিসির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে কোনো ধরনের আপসের পথে হাঁটতে আগ্রহী নয় ইরান।







