যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি ছিনিয়ে নেয়ার এ ঘটনা ঘটে। এর সাড়ে ৯ ঘন্টা পর আজ সকাল ১১ টায় ফের তাকে খুলনার ডুমুরিয়া থেকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আমিন উদ্দিনের ছেলে। তিনি মাদকের মামলায় দুই বছরের ও পারিবারিক সহিংসতার মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত।
কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম মাদক ও পারিবারিক সহিংসতার মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার গভীর রাতে ধিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আটকের পর রাত দেড়টার দিকে মসজিদের মাইকে পুলিশ আসামিকে মেরে ফেলেছে’—এমন মিথ্যা ঘোষণা দেয়া হয়। এরপর ৫০/৬০ জন লোক জড়ো হয়ে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামি জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নিয়ে যায়।
এসময় এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আরো জানান,আসামিকে ফের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে পুলিশ। সাড়ে ৯ ঘন্টার ব্যবধানে আজ সকাল ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে খুলনার ডুমুরিয়া থেকে ফের গ্রেফতার করা হয়। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







